ডলার জমা রেখে টাকা ধার নিতে পারবে ব্যাংক
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য কারেন্সি সোয়াপ বা মুদ্রা বিনিময়ের নতুন পদ্ধতি চালু করেছে বাংলাদেশ ব্যাংক।
এখন থেকে কোনো ব্যাংক চাইলে নিজেদের উদ্বৃত্ত ডলার জমা রেখে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার নিতে পারবে। আবার নির্ধারিত সময়ের পর চাইলে টাকা দিয়ে জমা রাখা ডলার ফেরত নেয়া যাবে।
তবে এক্ষেত্রে নির্দিষ্ট হারে সুদ পরিশোধ করতে হবে। মুদ্রা বিনিময় প্রথায় নতুন এ পদ্ধতির নীতিমালা প্রকাশ করে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ডিসেম্বরে অনানুষ্ঠানিকভাবে মুদ্রা বিনিময়ের নতুন এ নীতির প্রয়োগ ঘটিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই সময় রিজার্ভ বাড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে আনুষ্ঠানিক দরে প্রায় ১ বিলিয়ন ডলার কিনে নেয়া হয়েছিল।
বিনিময়ে ব্যাংকগুলোকে টাকা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের জানুয়ারির ১০ তারিখের মধ্যে ব্যাংকগুলোর কাছ থেকে নেয়া ডলারের বেশিরভাগই ফেরত দেয়া হয়েছিল। সংশ্লিষ্টরা বলছেন, সেটি ছিল মূলত কেন্দ্রীয় ব্যাংকের আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী রিজার্ভ সংরক্ষণের প্রয়াস।
আবার এর মাধ্যমে ব্যাংকগুলোও নিজেদের তারল্য সংকট কিছুটা কাটিয়ে ওঠতে পেরেছিল। গতকালের প্রজ্ঞাপনটির মাধ্যমে অনানুষ্ঠানিক সে নীতিরই আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হলো।
বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘দেশের রিজার্ভ এখনো ক্রমাগত ক্ষয় হচ্ছে। প্রতিনিয়ত রিজার্ভ থেকে আমদানির এলসি দায় সমন্বয়ের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ডলার সহায়তা দিতে হচ্ছে।
আবার বেসরকারি কিছু ব্যাংকের হাতে এখন উদ্বৃত্ত ডলার আছে। কিছু ব্যাংকের টাকার সংকট খুবই বেশি। এ অবস্থায় ডলারের সঙ্গে টাকা সোয়াপের এ নীতির ফলে কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোও উপকৃত হবে।’