অনুমতি ছাড়া হজ করলে জেল-জরিমানা

টিবিটি ডেস্ক
টিবিটি ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:০১ এএম

হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ পালন থেকে বিরত থাকতে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছেন সৌদি আরব। আইন ভঙ্গ করলে দিতে হবে ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকার সমান। 

একই সঙ্গে এ নির্দেশনা অমান্যকারী ছয় মাসের কারাদণ্ড দেয়া হবে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। খবর গলফ নিউজ।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, অনুমতি ছাড়া হজ পালন করা বেআইনি। যে প্রবাসী আইন ভঙ্গ করবেন, তাকে প্রথমে ছয় মাস কারাদণ্ড দেয়া হবে। কারাভোগের পর নিজ তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে ও পরবর্তী ১০ বছরে তার সৌদিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হবে। এমনকি, আইন ভঙ্গকারীদের পরিচয় স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে, যাতে আশেপাশের সবাই তাদের চিনে রাখতে পারেন।

মন্ত্রণালয় আরো জানায়,  যিনি বা যারা অনুমতিবিহীন ব্যক্তিদের মক্কায় পরিবহন করে ধরা পড়বেন, তাদেরকেও একই পরিমাণ অর্থ জরিমানা করা হবে। 

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে এ বছর পবিত্র হজের মূল কার্যক্রম জুনের ১৪ তারিখে হতে পারে। এবছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজের কোটা থাকলেও এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৮৩ হাজার ১৫৫ জন।